banglahour

চুয়াডাঙ্গায় অপচিকিৎসার দায়ে ভুয়া কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৫:৪৪ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা পৌর এলাকায় কবিরাজির নামে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা ও প্রতারণা করার অভিযোগে এক ভুয়া কবিরাজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। একই সাথে তার কাছ থেকে অপচিকিৎসায় ব্যবহৃত বিপুল পরিমাণ কবিরাজি বই ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রিপন হোসেন।


সোমবার (১৩ জুলাই) বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের হাজরাহাটি জোয়ার্দারপাড়ায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ডের আদেশ দেন। 


আদালত সূত্র জানা যায়, অভিযুক্ত রিপন হোসেন দীর্ঘদিন ধরে হাজরাহাটি জোয়ার্দারপাড়ায় কবিরাজি পেশার আড়ালে সাধারণ মানুষকে বিভিন্ন ধরণের তাবিজ-কবজ, ঝাড়ফুঁকসহ নানাবিধ অপচিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার চিকিৎসালয়ে উপস্হিত হয়ে তার অপরাধ প্রমাণিত হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় ভুয়া কবিরাজের চিকিৎসালয় থেকে কবিরাজি চিকিৎসার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার ভেষজ ও কথিত ওষুধ, বই এবং অন্যান্য ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আওলিয়ার রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।


আদালতের পক্ষ থেকে অভিযুক্ত রিপন হোসেনকে ভবিষ্যতে এ ধরণের অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পরবর্তীতে তিনি আর কখনো এই অপচিকিৎসা চালাবেন না মর্মে একটি লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এবং প্রতারণা রোধে জনস্বার্থে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
                          

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল