
(৩ মাস আগে) ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৩:৪৬ অপরাহ্ন
শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লায় ক্ষোভে ফেটে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (সকাল ১১টা) নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো—
১. চলমান দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে।
২. ১৩ জুলাই বৈরী পরিস্থিতির কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।
৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।
এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের দিকে অগ্রসর হলে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার তাদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “বৈরী আবহাওয়ার মধ্যেও অনেককে কোমরসমান পানি পাড়ি দিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে। কিন্তু আমাদের কষ্টের বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।”
আরেক পরীক্ষার্থী বলেন, “এইচএসসি পরীক্ষা আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির ক্ষেত্রে জিপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দুর্যোগকালীন সময়ে পরীক্ষা স্থগিত রাখা প্রয়োজন।”
উল্লেখ্য, গতকাল কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ বিভিন্ন স্থানে কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা।