banglahour

যুবলীগ নেতার কারখানা থেকে দেড় কোটি টাকার চোরাই সিগারেট তৈরির মেশিন উদ্ধার

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৫ পূর্বাহ্ন


সাবেক যুবলীগ নেতার মালিকানাধীন সিগারেট ফ্যাক্টরি থেকে সিগারেট তৈরির দেড় কোটি টাকা মূল্যের একটি চোরাই মেশিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের উপস্থিতিতে বাগেরহাটের মোড়লগঞ্জ পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ভদ্দরের মালিকানাধীন ‘ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজ’-এর তালা ভেঙে পুলিশ মেশিনটি উদ্ধার করে।


​এর আগে ‘গ্রিন টোব্যাকো লিমিটেড’-এর মালিক ও বিএনপি নেতা সোমনাথ দে তাঁর ফ্যাক্টরি থেকে সিগারেট তৈরির মূল্যবান মেশিন চুরি হয়েছে মর্মে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত ওই অভিযোগের প্রেক্ষিতে তল্লাশি পরোয়ানা (সার্চ ওয়ারেন্ট) জারিসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।


​সোমনাথ দে বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁর ব্যবসায়িক অংশীদার বদরুল আলম ভদ্দর গ্রিন টোব্যাকো থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সিগারেট তৈরির মেশিনটি চুরি করে বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের কারখানা ক্রাউন টোব্যাকোতে নিয়ে স্থাপন করেন। দীর্ঘ প্রায় দুই বছর পর কারখানার শ্রমিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি আদালতে অভিযোগ দায়ের করেন।


​এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, বাগেরহাটের মোরেলগঞ্জে সানকিভাঙ্গা গ্রামে গিয়ে 
সোমনাথ দে তাঁর মেশিন শনাক্ত করেছেন। সেটি উদ্ধার করে পুলিশের মাধ্যমে আদালতের হেফাজতে সোপর্দ করা হয়েছে।


​এদিকে, নকল ডার্বি সিগারেট তৈরির অভিযোগে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ক্রাউন টোব্যাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর বর্তমানে বাগেরহাট জেলহাজতে রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল