
(৩ ঘন্টা আগে) ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ৩:৩৬ পূর্বাহ্ন
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তিনি আগামী ২৩ জুলাই ২০২৬ ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।
রিয়ার অ্যাডমিরাল আজীম ১ জানুয়ারি ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। রয়্যাল মালয়েশিয়ান নেভিতে মৌলিক নৌ কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। বাংলাদেশ নৌবাহিনীর ৮৭এ ব্যাচে তিনি জ্যেষ্ঠতা ও মেধা—উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করেন।
শিক্ষাজীবনেও তিনি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সমসাময়িক সামুদ্রিক শাসন (Maritime Governance) বিষয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পাশাপাশি এমফিল, ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর এবং স্ট্র্যাটেজিক স্টাডিজে ভারত ও চীনের স্বনামধন্য প্রতিষ্ঠানের দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্রতিটি ডিগ্রিতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি রাষ্ট্রপতির চ্যান্সেলর অ্যাওয়ার্ড লাভ করেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তার অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNIFIL-এর মেরিটাইম টাস্ক ফোর্স এবং কঙ্গোতে MONUC মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল এবং কমান্ডার সাবমেরিনসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বিএনএস শাহ আমানত, বিএনএস সৈকত, বিএনএস নির্ভয়, বিএনএস এস. আর. আমিন, ফ্রিগেট বিএনএস উমর ফারুক এবং বিএনএস তিতুমীরের অধিনায়ক ছিলেন। এছাড়া বাংলাদেশ নৌ একাডেমির কমান্ড্যান্ট, নৌ সদর দপ্তরের ডিরেক্টর অব নেভাল অপারেশনস এবং সশস্ত্র বাহিনী বিভাগের স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (NBP), নৌ দক্ষতা পদক (NPP), জাতীয় শুদ্ধাচার পুরস্কার এবং জাতীয় স্কাউট পুরস্কার (সিলভার ইলিশ মেডেল) লাভ করেন। তিনি তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাপত্র অর্জন করেছেন। এছাড়া DSCSC-এর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অ্যাওয়ার্ড, AFWC-এর সেরা গবেষণাপত্র পুরস্কার এবং ভারতের INS Venduruthy-তে অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার প্রশিক্ষণে সেরা শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে রিয়ার অ্যাডমিরাল আজীম একজন বইপ্রেমী, লেখক ও গলফ খেলোয়াড়। তিনি বাংলা, ইংরেজি ও মালয় ভাষায় দক্ষ এবং ফরাসি ভাষার প্রাথমিক জ্ঞান রাখেন। তার লেখা বিভিন্ন গবেষণা ও প্রবন্ধ দেশ-বিদেশের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।