banglahour

আজ প্রিন্স মাহমুদের জন্মদিন

বিনোদন | ডেস্ক রিপোর্ট। জিয়াউল হক শোভন।

(১০ ঘন্টা আগে) ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ৬:০৭ অপরাহ্ন

বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী পরিচালক প্রিন্স মাহমুদ। তার লেখা ও সুর করা একাধিক গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ১৯৯৫ সালে 'শক্তি' অ্যালবামের মধ্য দিয়ে মিক্সড অ্যালবাম প্রকাশ শুরু করেন তিনি। একক, দ্বৈত ও মিক্সড মিলিয়ে প্রিন্স মাহমুদ ৪০ টির মতো অ্যালবামে সংগীত পরিচালনা করেন।

প্রিন্স মাহমুদ ১৭ জুলাই খুলনা জেলায় জন্ম গ্রহণ করেন। ১৯৮৪ সালে খুলনার সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে তিনি বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

তার সঙ্গীতের শুরু হয় ছেলেবেলা থেকেই। অনেকটা আড়ালে-অগোচরে পরিবারের ইচ্ছার বাইরে গিয়েই তিনি গান শেখা এবং গান করা শুরু করেন। স্কুলে পড়ার সময়ই তিনি ব্যান্ডের সাথে জড়িয়ে পড়েন। তিনি দি ব্লুজ নামের একটি ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন। তারপর কলেজের গন্ডি পেরিয়ে শুরু করেন পুরো দমে গান কম্পোজিশন। গান কম্পোজিশনের পাশাপাশি তিনি গানও লেখা শুরু করেন। এরপর ৯০ দশকের শুরুতে প্রিন্স মাহমুদ গঠন করেন ‘ফ্রম ওয়েস্ট’ নামক একটি ব্যান্ড, যেখানে ব্যান্ড লিডার এবং মূল ভোকাল ছিলেন তিনি নিজেই। সেই ব্যান্ডের আলোচিত একটি গান ছিল রাজাকার আলবদর কিছুই রইবো নারে/ উপরে দালাল ভিতরে চোর কিছুই হইবো নারে/ সব রাজাকার ভাইসা যাইবো বঙ্গোপসাগরে গানটি। তার ফ্রম ওয়েষ্ট এর প্রকাশিত প্রথম অ্যালবাম এর নাম ছিল 'সে কেমন মেয়ে'।

প্রিন্স মাহমুদের সুর ও সংগীত পরিচালনায় অসংখ্য গান জনপ্রিয়তা অর্জন করে। এর মধ্যে অন্যতম হচ্ছে :
জেমসের কন্ঠে, "বাংলাদেশ", "মা", "বাবা", "এক নদী যমুনা", "বন্ধু ভেঙ্গে ফেল এই কারাগার"।
আইয়ুব বাচ্চুর কন্ঠে, "আমি ১২ মাস","আজ কবিতা অন্য কারও", "বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়", "পালাতে চাই"।
শাফিন আহমেদের কন্ঠে, "আজ জন্মদিন তোমার"।
হাসানের কন্ঠে, "এত কষ্ট কেন ভালোবাসায়"।
ক্লোজআপ ওয়ান তারকা রুমির কন্ঠে, "জোনাকি গায় ফিস ফিস", "মাটি হবো মাটি", "দুনিয়া তোর সঙ্গেতে নাই"।
খালিদের কন্ঠে, "যদি হিমালয় হয়ে দুঃখ আসে"।
মাহাদীর কন্ঠে, "সুনীল বরুনা" ইত্যাদি অন্যতম।

চলচ্চিত্রের গানেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন প্রিন্স মাহমুদ। ২০০৭ সালে প্রথমবারের মতো সিনেমার জন্য গান তৈরি করেন তিনি। মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমায় লিমনের কন্ঠে ' জেলখানার চিঠি' গানটি তিনি রচনা করেন। এই গানটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে।
এরপর ২০১৫ সালে অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রে দ্বিতীয়বারের মতো গান তৈরি করেন তিনি। ‘প্রতারণা ও ঘৃণা’ শিরোনামের এই গানে কণ্ঠ দেন মাহফুজ আনাম জেমস।
২০২৩ সালে তিনি হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা চলচ্চিত্রে "ঈশ্বর" নামে একটি গানের সঙ্গীত পরিচালনা করেন প্রিন্স মাহমুদ। তরুন কন্ঠ শিল্পী রিয়াদের কন্ঠে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
প্রিন্স মাহমুদ হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার ছবিতে ‘বরবাদ’ ও ‘মা’ শিরোনামের দুটি গান তৈরি করেন। গানগুলো শ্রোতামহলে বেশ সমাদৃত হয়।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’র ‘ইশ্বর’ গানটির সুরারোপের জন্য প্রিন্স মাহমুদ শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
এছাড়াও ২০২০ সালে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসাবে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস লাভ করেন।
২০২৪ সালে "ঈশ্বর"গানের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসাবে সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার অর্জন করেন।
২০২৪ সালে "ঈশ্বর" গানের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস লাভ করেন।

গান প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, "বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কথা বিবেচনা করে এখন গানের কাজ কিছুটা কমিয়ে আনতে হয়েছে। এই বয়সে অতিরিক্ত কাজের চাপ আর নিতে পারছি না"। তিনি আরও বলেন, দেশের অসংখ্য শ্রোতার ভালোবাসাই তার সবচেয়ে বড় অর্জন।

আধুনিক বাংলা গান, বিশেষ করে ব্যান্ড সংগীতকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রিন্স মাহমুদের অবদান অবিস্মরণীয়। তিনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে বাংলা গানকে এক নতুন ধারায় রূপান্তর করেছেন। কিংবদন্তী এই সুরকার ও সংগীত পরিচালকের জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল