banglahour

জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা পরির্দশন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করলেন দীপেন দেওয়ান এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ৯:৩৭ অপরাহ্ন


রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।


শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি উপজেলার সামিরা, চকপতিঘাট, ঘিলাতলী ও হাজাভিটাসহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। পরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, টিন ও শুকনো খাবার বিতরণ করেন।


এর আগে নবনির্মিত উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, সাধারণ সম্পাদক সাধন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


মতবিনিময় সভায় দীপেন দেওয়ান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্যবাসীকে অত্যন্ত ভালোবাসেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।” তিনি দলীয় নেতা-কর্মীদের সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং পুনর্বাসন কার্যক্রমে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


পরিদর্শন শেষে দীপেন দেওয়ান উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাঁর সংরক্ষিত কার্যালয়ে পৃথক মতবিনিময় করেন। সেখানে বন্যা-পরবর্তী পুনর্বাসন, ত্রাণ কার্যক্রম এবং ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল