
(৩ বছর আগে) ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার, ৯:২৫ পূর্বাহ্ন
ফাইল ফটো।
ঢাকা: আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনে আরো একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে আশা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যানজটের জন্য রাস্তা কোন সমস্যা নয়, যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে।
এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর কেওয়াটখালী ব্রিজ নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর ই আলম ও পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্যোৎ বিশ্বাস স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার ইশতিয়াকসহ উধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত ছিলেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক - এআইআইবি এর মহাপরিচালক রজত মিশ্র।