
(৩ ঘন্টা আগে) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ২:০৬ পূর্বাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নদীভাঙন রোধে বনায়ন কার্যক্রমের ওপর বিশেষ জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, "শুধু গাছ লাগালেই হবে না, বনায়নের প্রকৃত সুফল পেতে হলে রোপণকৃত প্রতিটি চারার সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে।"
শুক্রবার (১৭ জুলাই) সকালে বাগেরহাট জেলার কচুয়া ও মোড়েলগঞ্জ উপজেলার সামাজিক বনায়নের আওতাধীন বিষখালী নদী তীরবর্তী বাগান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিষখালী নদীর দুই পাড়ে রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার গাছের চারা সরজমিনে ঘুরে দেখেন এবং চারাগুলোর সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগীদের গাছের সুরক্ষায় প্রয়োজনীয় যত্ন নেওয়ার নির্দেশ দেন।
ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে বনায়নের কোনো বিকল্প নেই। বনজ সম্পদ সংরক্ষণ ও সামাজিক বনায়ন কার্যক্রমকে সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।
পরিদর্শনকালে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সামাজিক বনায়নের উপকারভোগীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।