banglahour

মাদককারবার করে চুয়াডাঙ্গা জেলায় বসবাস করা অসম্ভব চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ৯:৫৩ অপরাহ্ন

জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ জনের আত্মসমর্পণ চুয়াডাঙ্গার জীবননগরের ধোপাখালী গ্রামে মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করতে এক মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় জীবননগর থানা পুলিশের উদ্যোগে উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে মাদক কারবারীদের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।


চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের আয়োজনে ও অফিসার ইনচার্জ সোলায়মান সেখের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ শুধু আইন প্রয়োগই নয়, জনসচেতনতা সৃষ্টি এবং বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও কাজ করে যাচ্ছে। যারা স্বেচ্ছায় মাদককারবার ছেড়ে আত্মসমর্পণ করবে, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে। পলাতক মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে পুলিশ সুপার বলেন, "মাদক সংশ্লিষ্ট যারা এখনো আত্মসমর্পণ করেননি, আপনাদের জায়গা কিন্তু ভুট্টাক্ষেত, জঙ্গল, কারাগার কিম্বা এই জেলার বাইরে। এই জেলায় বসবাস করবেন আর মাদককারবার করবেন, এটা অসম্ভব।" বর্তমানে মাদক কারবারি ও সেবীদের সামারি ট্রায়েলের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে। সবাই সোচ্চার থাকলে এই জেলা থেকে মাদক নির্মূল করা আর বেশী দূরে নয়।


অনুষ্ঠানের একপর্যায়ে ১৬ জন মাদকসেবী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তি অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন এবং ভবিষ্যতে মাদকের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ্, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমান, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর সরদার ও সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও মিনাজুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক ও সাধারণ সম্পাদক রিপন হোসেন।


সমাবেশে বক্তারা মাদকের কুফল তুলে ধরে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে জীবননগর থানার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
            

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল