
(১ দিন আগে) ২০ জুলাই ২০২৬, সোমবার, ৪:৩৩ অপরাহ্ন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শমা ওবায়েদ ইসলাম এমপি বলেছেন, “বাংলাদেশ কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নে একটি নতুন যাত্রা শুরু করেছে।” আজ তাঁর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো-এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। বাংলাদেশে দুই দিনের সফরে থাকা আইএলও মহাপরিচালক এ বৈঠকে অংশ নেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে শোভন কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিক অধিকার উন্নয়নে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
শমা ওবায়েদ ইসলাম শ্রম প্রশাসন ও শাসনব্যবস্থা আরও শক্তিশালী করা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন বৃদ্ধিতে আইএলওর অব্যাহত সহযোগিতা কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন যে, শ্রম খাত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আইএলওর আসন্ন গভর্নিং বডির অধিবেশনে যথাযথ স্বীকৃতি পাবে এবং আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলার দ্রুত নিষ্পত্তির পথ সুগম করবে।
আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো শ্রমক্ষেত্রে উন্নত পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শ্রম খাত সংস্কার, শোভন কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের প্রচেষ্টায় আইএলওর সমর্থন অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশ শ্রম পরিস্থিতির উন্নয়নে সফল হলে তা অন্যান্য দেশের সঙ্গে আইএলওর সম্পৃক্ততার ক্ষেত্রেও একটি উদাহরণ হয়ে উঠতে পারে।”
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-আইএলও অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।