banglahour

যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১০ ঘন্টা আগে) ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৯:৩০ অপরাহ্ন

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি। অথচ সেই পথচলার প্রথম ভিত্তি রচিত হয়েছিল গ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে। সময়ের পরিক্রমায় সেই স্মৃতিবিজড়িত শিক্ষাঙ্গনেই সংসদ সদস্য হিসেবে ফিরে এসে ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। আনন্দঘন এই মুহুর্তে আবেগ, স্মৃতি ও উন্নয়নের প্রত্যয়ে মুখর হয়ে উঠে আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ।


মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. কবির আহমদ বাবরের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুস সামাদ ও সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি এমসি একাডেমির সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী এবং ৩নং ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু।


অনুষ্ঠানে স্মৃতিচারণ করে এমপির সহপাঠী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বলেন- ছাত্রজীবনেই এমরান আহমদ চৌধুরীর নেতৃত্ব, মেধা ও আত্মবিশ্বাস ছিল ব্যতিক্রম। আমরা তখনই বুঝতে পেরেছিলাম, সে একদিন দেশের নেতৃত্বের কাতারে জায়গা করে নেবে। আজ আমাদের সেই সহপাঠী সংসদ সদস্য হয়ে নিজের বিদ্যালয়ে ফিরে এসেছে, এটি আমাদের জন্য গর্বের এবং আনন্দের মুহূর্ত।


বক্তারা বলেন- নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি এমপি এমরান আহমদ চৌধুরীর দায়বদ্ধতা কেবল  স্মৃতিচারণে সীমাবদ্ধ নয়, উন্নয়নের বাস্তব কর্মকাণ্ডেও তার প্রতিফলন ঘটেছে। শিক্ষা খাতের অবকাঠামো উন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং এলাকার সামগ্রিক অগ্রগতিতে তাঁর ভূমিকা প্রশংসার দাবিদার।


প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- এই শিক্ষাপ্রতিষ্ঠান তাঁর জীবনের ভিত্তি নির্মাণ করেছে। তাই বিদ্যালয়ের উন্নয়নের সঙ্গে নিজের আবেগ ও দায়িত্ববোধ জড়িয়ে রয়েছে। তিনি শিক্ষার্থীদের সততা, মেধা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের ৪ তলাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, গোলাপগঞ্জ এমসি একাডেমির সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান ও সাবেক শিক্ষক মোস্তাক আহমদ। 
এছাড়াও বক্তব্য রাখেন- সাবেক শিক্ষার্থী সালেহ আহমদ দুদু, নিজাম উদ্দিন আহমদ ও  সুজন খান।


শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস শহীদ এবং মানপত্র পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ আহমদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল