
(১ দিন আগে) ২২ জুলাই ২০২৬, বুধবার, ৬:৩৪ অপরাহ্ন
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার এইচ.ই. অজিত সিং সম্প্রতি সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সরকার-টু-সরকার সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদি সক্ষমতা উন্নয়নে কানাডার অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার সম্ভাবনা তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নেন ক্যাসকেড অ্যারোস্পেস ইনকরপোরেটেডের চিফ অপারেটিং অফিসার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট স্টুয়ার্ট ম্যাকইনটোশ এবং আইএমপি অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্সের হেড অব বিজনেস কেলভিন হাং। তারা সামরিক বিমান রক্ষণাবেক্ষণ, সক্ষমতা সংরক্ষণ (সাসটেইনমেন্ট) এবং জীবনচক্রভিত্তিক সহায়তা প্রদানে কানাডার দীর্ঘ অভিজ্ঞতা সম্পর্কে মতবিনিময় করেন।
কানাডা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে গুরুত্ব দেয় এবং প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।