
(৯ ঘন্টা আগে) ২২ জুলাই ২০২৬, বুধবার, ৬:৩৮ অপরাহ্ন
জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল জামালপুর আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তাদের এই আগমনকে ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যেই সম্পন্ন করেছে জেলা এনসিপি। দেশব্যাপী 'জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আগত নেতারা জামালপুরে অনুষ্ঠেয় পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে যুক্ত হবেন।
অনুষ্ঠেয় পদযাত্রা ও সমাবেশে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, প্রধান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার ও যুগ্ম সদস্য সচিব নুর রহমান।
পদযাত্রা বিকেল ৫ টায় শহরের দয়াময়ী মোড় থেকে এক পদযাত্রা শুরু করবেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হবে পদযাত্রাটি। সেখানে বিকেল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে এক সংক্ষিপ্ত সমাবেশ।
বুধবার জামালপুর পৌর শহরের সর্দারপাড়ায় এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা এনসিপি'র যুগ্ম-আহ্বায়ক আইনজীবী আবু সাঈদ শামীম।
লিখিত বক্তব্যে তিনি জানান, 'আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), "জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা ২০২৬" কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে একটি শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছি।'
'গত বছরের জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য সংগ্রাম করেছেন-তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।'
'আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো- জুলাইয়ের চেতনা ধারণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া। বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব রাষ্ট্র গঠনের দাবিকে সামনে আনা। কর্মসংস্থান, সুশাসন এবং সীমান্ত সুরক্ষাসহ জনগণের ন্যায্য দাবিগুলো তুলে ধরা। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করা।'
'আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই পদযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ এবং আইনসম্মতভাবে অনুষ্ঠিত হবে। আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি এবং সকল অংশগ্রহণকারীর প্রতি অনুরোধ জানাচ্ছি, যেন তারা সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখেন।'
'আমরা জামালপুরবাসীসহ সকল সচেতন নাগরিককে এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।'
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, সদর উপজেলা প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক আল হুজাইফা নিবির, সদস্য খানজাহান আলী সুমন, ছাত্র শক্তি জেলা শাখার আহবায়ক আমিমুল ইহসান, সদস্য সচিব আহাদ হোসেনসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।