
(৬ ঘন্টা আগে) ২২ জুলাই ২০২৬, বুধবার, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৫ অপরাহ্ন
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হুংবো বাংলাদেশ সফর শেষে দেশের চলমান শ্রম সংস্কার ও উন্নয়ন উদ্যোগের প্রশংসা করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠক হয়েছে। এছাড়া নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), উন্নয়ন সহযোগী এবং আইএলও প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
আইএলও মহাপরিচালক উল্লেখ করেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি সরকারের পাঁচ বছর মেয়াদি উন্নয়ন ও সংস্কার কাঠামোকে স্বাগত জানান, যার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং শ্রমিক ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে শ্রম সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে।
গিলবার্ট হুংবো বলেন, বাংলাদেশে আইএলও তার ত্রিপক্ষীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রম এবং আইএলওর দশটি মৌলিক কনভেনশন অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, এসব কনভেনশনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।
আইএলও মহাপরিচালকের এ মন্তব্য বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, কর্মপরিবেশের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের চলমান উদ্যোগের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।