
(১৬ ঘন্টা আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২৬ অপরাহ্ন
ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে আজ বাংলাদেশ ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। জবাবে ড. খলিলুর রহমান বলেন, ইউএনজিএর সভাপতি হিসেবে সিঙ্গাপুরের মতো ছোট রাষ্ট্রগুলোর উদ্বেগ ও স্বার্থ তাঁর অগ্রাধিকার তালিকায় থাকবে।
বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান চমৎকার কূটনৈতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে আরও কার্যকর ও পারস্পরিক লাভজনক সহযোগিতায় রূপ দেওয়ার বিষয়ে একমত হন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি স্থানান্তর এবং বহুপাক্ষিক সংস্থাগুলোতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ যোগদানের আকাঙ্ক্ষায় সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানেও সহযোগিতা চান।
বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্যে চলমান প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে উভয় দেশ সম্মত হয়।