
(৩ মাস আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩:৫৩ অপরাহ্ন
রাঙ্গামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি বলেন, পাহাড়ের যেসব এলাকায় গাছপালা নেই, সেসব এলাকা চিহ্নিত করে নীতিমালা প্রণয়নের মাধ্যমে ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর চলমান কর্মসূচি সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে বৃক্ষ মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠে এসে শেষ হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত (পিএসসি), জেলা বন সংরক্ষক আব্দুর আউয়াল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি অতিথিরা মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। সপ্তাহব্যাপী এই বৃক্ষ মেলায় বনায়ন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।