banglahour

ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশের ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(১২ ঘন্টা আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪৮ অপরাহ্ন

ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নৌ সদর দপ্তরে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান কমান্ড হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে রয়েল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ শেষে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি তাঁর ব্যাচে জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে প্রথম স্থান অর্জন করেন।


শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি এমফিলসহ স্ট্র্যাটেজিক, ডিফেন্স ও অপারেশনাল স্টাডিজ বিষয়ে দেশ-বিদেশ থেকে তিনটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের একজন কৃতি গ্র্যাজুয়েট।


দীর্ঘ প্রায় চার দশকের কর্মজীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া বানৌজা ওমর ফারুক, বানৌজা এস আর আমিন, বানৌজা নির্ভয়, বানৌজা সৈকত ও বানৌজা তিতুমীরের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।


আন্তর্জাতিক পর্যায়ে তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


কর্মজীবনে তিনি নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক (এনবিপি)’ ও ‘নৌ-পারদর্শিতা পদক (এনপিপি)’সহ একাধিক জাতীয় ও পেশাগত সম্মাননা অর্জন করেছেন।
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে নৌবাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল