banglahour

হাইড্রোলিক হর্নের দৌরাত্ম্য ঠেকাতে কুড়িগ্রামে অভিযান, ৩ যানচালককে জরিমানা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১০ ঘন্টা আগে) ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১০:৫২ অপরাহ্ন


কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন যানচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে তিনটি যানবাহনের চালকের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।


ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।


পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “হাইড্রোলিক হর্নের তীব্র শব্দ শুধু বিরক্তির কারণ নয়, এটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শ্রবণশক্তি ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সড়কে অনুমোদিত মাত্রার বেশি শব্দ সৃষ্টি করে এমন হর্নের ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


সংশ্লিষ্টরা জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল