
(৬ ঘন্টা আগে) ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১০:১৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কাটাখালী মাঠে নিজের জমিতে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়া হাসেম আলী (৬০) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসেম আলী আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নিজের জমিতে সার প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে কাটাখালী মাঠে যান হাসেম আলী। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পরও বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থান, আত্মীয়স্বজনের বাড়ি এবং মাঠে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকালে স্থানীয় কৃষকরা কাটাখালী মাঠে হাসেম আলীর মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের পাশাপাশি পুলিশকে খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মরদেহের কিছু অংশ শেয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আলমডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাঈল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি সাধারণ দুর্ঘটনা, বন্য প্রাণীর আক্রমণ নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।