
(১২ ঘন্টা আগে) ২৫ জুলাই ২০২৬, শনিবার, ৭:৫৭ অপরাহ্ন
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে সরকার ও বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন জোটের শীর্ষ নেতারা। শনিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ জোটের কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথেই হাঁটছে। তিনি বলেন, "দেশ থেকে দুর্নীতি, ফ্যাসিবাদ ও চাঁদাবাজি দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।"
তিনি আরও বলেন, "কেউ যদি আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। ভালোয় ভালোয় গণরায়ের প্রতি সম্মান দেখান। জনগণের রায় বাস্তবায়ন করতে হবে।"
খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিষয়ে সরকারের সমালোচনা করেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে এবং সংস্কারের পথে না হেঁটে উল্টো পথে হাঁটছে। তাঁর দাবি, প্রয়োজনীয় সংস্কার না করায় দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, দেশের মানুষ রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে জীবন দিয়েছে। কিন্তু বিএনপির কিছু বুদ্ধিজীবী কেবল সংশোধনের কথা বলছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে সাতটি দফা ইতোমধ্যে লঙ্ঘন করেছে। তিনি আরও অভিযোগ করেন, সরকার 'জুলাই সনদ' নিয়ে অযথা দীর্ঘসূত্রিতা করছে।
এর আগে বিকেলে সমাবেশ শুরু হলে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন