banglahour

লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, ৯ হাজার চারা বিতরণ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৬:৪৬ অপরাহ্ন

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে রোববার (২৬ জুলাই) সকালে রাঙ্গামাটির লংগদু সরকারি মডেল কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৯ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, “আজকের একটি চারা আগামী দিনের একটি পরিণত বৃক্ষ। একটি বৃক্ষ মানেই নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা করে, তবে দেশব্যাপী ইতিবাচক পরিবেশগত পরিবর্তন সম্ভব।”
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। এ ধরনের কর্মসূচি তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রাপ্ত চারাগুলো নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল