banglahour

বাগেরহাটে আইনজীবী শান্ত হত্যার ঘটনায় মামলা, ধরাছোঁয়ার বাইরে আসামিরা

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৬:৪৯ অপরাহ্ন

 

বাগেরহাটে নিজাম উদ্দীন শান্ত নামের এক তরুণ আইনজীবীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহতের স্ত্রী স্বপ্না আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাগেরহাট সদর মডেল থানায় এই মামলা করেন। তবে মর্মান্তিক এই ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ এখনো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন বা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে প্রকাশ্য রাজপথে একজন আইনজীবীকে এমনভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জেলা আইনজীবী সমিতি। অবিলম্বে আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলাটির তদন্ত চলছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ বা জড়িতদের নিশ্চিত হওয়া না গেলেও খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা আইনজীবী সমিতির  সাবেক সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, "নিজাম উদ্দীন আমাদের সমিতির একজন সদস্য ছিলেন। তাঁকে অত্যন্ত পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করবে—এটাই আমাদের প্রাণের দাবি।" এছাড়া সমিতির সদস্য সচিব মোশারেফ হোসেন মন্টুও এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছান আইনজীবী নিজাম উদ্দীন শান্ত। এ সময় দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত নিজাম উদ্দীন বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। আকস্মিক এই হত্যাকাণ্ডে পুরো আইনজীবী সমাজ ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল