banglahour

শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে সহযোগিতা চাইল বাংলাদেশ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ দিন আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৭:২০ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউএইর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।


বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউএইতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সম্মুখীন বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও বৈধ স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শামা ওবায়েদ ইসলাম জানান, কনস্যুলার ও অভিবাসন-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ২০২৬ সালে ঢাকায় দ্বিতীয় বাংলাদেশ–ইউএই যৌথ কনস্যুলার কমিটির সভা আয়োজন করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।


বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব পর্যালোচনা করা হয়। উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)সহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত হন। একই সঙ্গে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বাংলাদেশ–ইউএই জয়েন্ট বিজনেস কাউন্সিল সক্রিয় করা এবং সুবিধাজনক সময়ে এর সভা আয়োজনের বিষয়েও সম্মতি প্রকাশ করা হয়।


এ সময় ইউএই রাষ্ট্রদূত সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ককে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।


বৈঠকের শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বহুমাত্রিক অংশীদারিত্বকে আরও গভীর ও গতিশীল করতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল