banglahour

গোসল করতে গিয়ে ফেরা হলোনা নব দম্পতির

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৮:৪০ অপরাহ্ন

নওগাঁর বদলগাছী উপজেলায় খালের পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার। মাত্র ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। সুমাইয়া কার্তিকাহার গ্রামেরই মেয়ে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় তার স্ত্রী সুমাইয়া খালের পাড়ে দাঁড়িয়ে ছিলেন। গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন নূর ইসলাম।

স্বামীকে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচানোর আকুল চেষ্টায় খালের পানিতে ঝাঁপ দেন স্ত্রী সুমাইয়াও। একপর্যায়ে দুজনই খালের গভীর পানিতে নিখোঁজ হন।ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তবে হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়।


বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, হাসপাতালেই মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের মতামত ও দাবির ওপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


মেয়ে ও জামাই এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল