banglahour

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা, ভূমির অধিকার ও ইউনিয়ন নির্বাচনের দাবিতে সিলেটে বিক্ষোভ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ ঘন্টা আগে) ২৬ জুলাই ২০২৬, রবিবার, ৯:০৫ অপরাহ্ন

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা নির্ধারণ, ভূমির অধিকার নিশ্চিতকরণ এবং দীর্ঘ আট বছর ধরে স্থগিত থাকা চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত রায় বাড়াইক এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক অধীর বাউরী। এতে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, শ্রমিক নেতা রঘু দাস, যুব নেতা রবি ছত্রী, রবি মাল, সঞ্জীব কুর্মি ও মালতি যাদবসহ অন্যান্য নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা, যা দিয়ে একটি পরিবারের ন্যূনতম খাদ্য চাহিদাও পূরণ সম্ভব নয়।

তাই দৈনিক ৬০০ টাকা মজুরি নির্ধারণের পাশাপাশি চাল, ডাল, তেল, চিনিসহ পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালুর দাবি জানান তারা।


বক্তারা অভিযোগ করেন, জাতীয় সংসদে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি আলোচনায় এলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শ্রমমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেও দাবি করেন তারা।
এ সময় তারা বলেন, ২০২৩ সালের চা শ্রমিক স্বার্থবিরোধী গেজেট বাতিল না করলে মজুরি বৃদ্ধি বাস্তবায়ন সম্ভব নয়। একই সঙ্গে গেজেট বাতিল, আটকে থাকা চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভূমির অধিকার, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দৈনিক ৬০০ টাকা মজুরি নির্ধারণসহ দাবিগুলো বাস্তবায়ন না হলে চা শ্রমিক, ছাত্র-যুবক এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল