
(১ দিন আগে) ২৭ জুলাই ২০২৬, সোমবার, ২:২৬ অপরাহ্ন
খুলনা-মোংলা মহাসড়কে বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) আনুমানিক সকাল ১০টায় রামপালের খুলনা-মোংলা মহাসড়কের ভাগাবাজার নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ ইবারত আলী রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘বড় হাফেজ সাহেব’ হিসেবে পরিচিত ও অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর আকস্মিক এই মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে মোংলা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় পৌঁছালে বাসটি একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইবারত আলী রাস্তায় ছিটকে পড়ে গেলে বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটাখালি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।