banglahour

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২৭ জুলাই ২০২৬, সোমবার, ৯:৪৩ অপরাহ্ন

 

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে ২৬ জুলাই ২০২৬ তারিখে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালটিতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ধরনের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে চিকিৎসাসেবার সামগ্রিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা রুজু করা হলে, অভিযোগের মাত্রা, দায়িত্ব থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা এবং তদন্তকাজে প্রভাব বিস্তারের আশঙ্কাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যেতে পারে।

এরই প্রেক্ষিতে ডা. কামাল হোসেন মুফতিকে প্রজ্ঞাপনের তারিখ থেকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের স্বাক্ষরে জারি করা এই প্রজ্ঞাপনটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, বাগেরহাটের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রজ্ঞাপনটি পরবর্তী গেজেটে প্রকাশ এবং স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে আপলোডের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে রোববার রাতে তার ব্যক্তিগত ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল