banglahour

ভৈরবে ২০ লাখ টাকার অবৈধ রিং জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনকে ৭০ হাজার টাকা জরিমানা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৭:৩৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার অবৈধ রিং জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জাল বিক্রেতা ও দুই ক্রেতাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় আলিম উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া বশির আহমেদের গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও রিং জাল জব্দ করা হয়।


অভিযানকালে বশির আহমেদ স্বীকার করেন যে, তিনি গত চার বছর ধরে এসব অবৈধ জাল বিক্রি করে আসছিলেন। এ সময় জাল কিনতে আসা দুই জেলেকেও আটক করা হয়।


পরে বিকেল ৫টার দিকে মেঘনা নদীর তীরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক জাল বিক্রেতা বশির আহমেদকে ৫০ হাজার টাকা এবং দুই ক্রেতাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। সব মিলিয়ে তিনজনের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, “অবৈধ জাল সংরক্ষণ, বিক্রি, পরিবহন ও ক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত জাল ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল