
(২ ঘন্টা আগে) ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১০:৫১ অপরাহ্ন
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু বছরের পর বছর ধরে হচ্ছে না স্থানীয় লক্ষাধিক মানুষের অপেক্ষার অবসান। অবশেষে বহুল প্রত্যাশিত বহরগ্রাম-শিকপুর সেতুটি হতে যাচ্ছে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর হাত ধরে।
স্বপ্নের সেই সেতু দ্রুত নির্মাণের লক্ষ্যে ব্রিজের স্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন এমরান আহমদ চৌধুরী ও ঢাকা থেকে আগত ও স্থানীয় প্রকৌশলীরা। প্রায় দেশ ড় কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সেতুটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমুড়া ও বহরগ্রামের মধ্যবর্তী স্থানে কুশিয়ারা নদীর উপর ২০২০ সাল থেকে সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। ২০২৪ সালে কাজ শুরু হওয়ারও কথা ছিলো। কিন্তু নানা জটিলতায় স্থানীয় লাখো মানুষের স্বপ্নের সেই সেতু আজও নির্মিত হয়নি। তবে বর্তমান সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী নির্বাচনি ইশতেহারে এই সেতু দ্রুত নির্মাণের প্রতিশ্রুতি ছিলো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার জোর তৎপরতা চালাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ঢাকা ও সিলেটের প্রকৌশলীদের নিয়ে মঙ্গলবার দুপুরে ব্রিজ স্থাপনের জায়গা পরিদর্শন এবং বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যালোচনা করেন। এছাড়াও নদীর উভয়পাড়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়রা বলছেন- বহরগ্রাম-শিকপুর সেতু নির্মিত হলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। পাশাপাশি সিলেট থেকে বিয়ানীবাজার উপজেলা সদরের দূরত্বও কয়েক কিলোমিটার কমে আসবে। ফলে দুই উপজেলার মানুষের যাতায়াত আরও সহজ এবং সময় সাশ্রয়ী হবে। পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবেন স্থানীয় বাসিন্দারা।
পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরীর সঙ্গে ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম মওলা, উপ-প্রকল্প পরিচালক হানিফ মোহাম্মদ মুর্শেদী, নির্বাহী প্রকৌশলী মামুন খান, পিসি গার্ডার এক্সপার্ট কাজী আবদুস সামাদ, সিনিয়র ব্রিজ ডিজাইন ইঞ্জিনিয়ার অমল চন্দ্র রায় ও উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান।
উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কিবরিয়া ইসলাম, বহরগ্রামের হেলাল উদ্দিন ও সাবেক চেয়ারম্যান রুহেল আহমদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপি নেতৃবৃন্দ।