banglahour

বাংলাদেশ–ব্রুনাই সম্পর্ক জোরদারে জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ দিন আগে) ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১০:৫৭ অপরাহ্ন

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার এইচ.ই. হাজী হারিস বিন ওসমান। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।


দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে তিনি ব্যবসায়ী-ব্যবসায়ী যোগাযোগ বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ–ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। ব্রুনাইয়ের হাইকমিশনার এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে ব্রুনাইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ ব্রুনাইয়ের বাজারে দেশীয় ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং আমের জন্য অধিকতর বাজার সুবিধা প্রদানের অনুরোধ জানায়।


বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ব্রুনাইয়ের ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়ী গ্রুপ গঠনের বিষয়ে একমত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও অর্থবহ ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যাবে।


সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল