
(৯ ঘন্টা আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৪:৫৩ অপরাহ্ন
ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ (Dr. Susan Vize) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব ক্ষমতায়ন এবং ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে ইউনেস্কোর দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এবং সম্প্রতি টাঙ্গাইল শাড়ির ঐতিহ্যবাহী বয়নশিল্পকে ইউনেস্কোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরেন।
শামা ওবায়েদ ইসলাম সরকারের মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও যুব ক্ষমতায়ন সংক্রান্ত দীর্ঘমেয়াদি লক্ষ্য পুনর্ব্যক্ত করেন। তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সম্ভাব্য অভিবাসী কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভাষা প্রশিক্ষণ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান। পাশাপাশি তিনি সুবিধাজনক সময়ে ইউনেস্কোর মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ড. সুসান ভাইজ বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউনেস্কোর অব্যাহত সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সংস্থাটির কর্মকাণ্ডে বাংলাদেশের সক্রিয় সহযোগিতার প্রশংসা করেন। তিনি শিক্ষা, সংস্কৃতি, যুব সম্পৃক্ততা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে ইউনেস্কোর আগ্রহের কথা জানান।
বৈঠকে ড. ভাইজ বিশেষভাবে বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের তরুণদের প্রতিভা, উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এ খাত উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৃজনশীল অর্থনীতিকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার মূলধারায় অন্তর্ভুক্ত করার এবং জাতীয় অর্থনীতির সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকের শেষে উভয় পক্ষ অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জ্ঞানভিত্তিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও ইউনেস্কোর দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।