
(৩ মাস আগে) ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৫:০২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেলের তেলের ট্যাংক ও ফিল্টারের বিশেষভাবে তৈরি গোপন কুঠুরি থেকে ২০ বোতল নিষিদ্ধ মাদক সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা দিকে গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের চর উদয়নগর এলাকায় চৌডালা ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি লাল রঙের ১৬০ সিসি টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর ও এয়ার ফিল্টারের ফাঁকা স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ বোতল নিষিদ্ধ ‘এক্সকাফ’ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার দাইনগালগাছি গ্রামের মো. রুবেল আলী (২৯)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে মোটরসাইকেলের গোপন কুঠুরি ব্যবহার করে পরিবহন করতেন।
পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চোরাচালান, চুরি ও মাদক আইনে মোট ৩৬টি মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।