banglahour

খুলনায় পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুর, বিএনপি-অঙ্গসংগঠনের ২৫ জনের বিরুদ্ধে মামলা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ দিন আগে) ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১২:২৬ অপরাহ্ন


খুলনায় পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুর, বিএনপি-অঙ্গসংগঠনের ২৫ জনের বিরুদ্ধে মামলা
খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা ৬ নং ওয়ার্ড এলাকায় কথিত মাদক ব্যবসায়ী সাবানার বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা, পুলিশকে মারধর ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং হামলার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ সূত্রে জানাযায়, গত ২৮ জুলাই বিকেল  সাড়ে ৪টায়  জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে খানজাহান আলী থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় এলাকার উশৃংখল কতিপয় ব্যক্তি পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে, টহল গাড়ি ভাঙচুর চালায় ও দায়িত্ব পালনরত পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাটকেল ও লাঠি নিয়ে হামলা চালায়।

একপর্যায়ে আসামিরা ড্রাইভার কনস্টেবল/৬৭৮৮ মো: বদিয়ার হোসেনের পরিহিত সরকারি পোশাকের কলার ধরে টানাটানি করে তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আসামিরা পুলিশের সরকারি গাড়ি লক্ষ্য করে ইট মারলে উইন্ডশিল্ড (সামনের কাঁচ) ফেটে যায় এবং ডান পাশের গ্লাসের একাংশ ভেঙে আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি হয়।


এ ঘটনায় খানজাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু কুমার মিত্র বাদী হয়ে  খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৪, তারিখ ২৮/০৭/২০২৬। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।


মামলার এজাহারে নামীয় আসামিদের মধ্যে রয়েছেন গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো: ইমরান হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ জিয়া, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: তাজিম আহম্মদসহ ১১ জন এবং অজ্ঞাত ১০ থেকে ১৫ জন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সকল আসামি এবং অজ্ঞাত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল