banglahour

জৈন্তাপুরে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, পুলিশের দাবি ‘সম্পূর্ণ ভুয়া’

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ দিন আগে) ১ আগস্ট ২০২৬, শনিবার, ৫:৩১ পূর্বাহ্ন

সিলেটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে আবারও হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় দলটির নেতাদের বহরে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর এবং দুজনকে আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী। তবে পুলিশ এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।


শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করে এনসিপি। কর্মসূচিতে অংশ নেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।


রাতে জৈন্তাপুরে সমাবেশ শেষে নেতারা গাড়িবহর নিয়ে ফেরার পথে হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়। এ সময় এলাকায় প্রবল বৃষ্টিপাত চলছিল।


নাসীরুদ্দীন পাটোয়ারীর ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়, “আবারও নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটোয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন। দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।”


স্ট্যাটাসের সঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে একটি মাইক্রোবাসের ভাঙা কাচ এবং একজনের হাত থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়।


তবে হামলার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা। তিনি বলেন, “হামলার অভিযোগ সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সমাবেশ শেষে তারা নিরাপদে জৈন্তাপুর ত্যাগ করেছেন। রাস্তায় তাদের সঙ্গে পুলিশও ছিল।”


ওসি আরও বলেন, “এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল এবং রাস্তাঘাট প্রায় জনশূন্য ছিল। এমন পরিস্থিতিতে হামলার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।”
ঘটনাটি নিয়ে এনসিপি ও পুলিশের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল