
(১ দিন আগে) ১ আগস্ট ২০২৬, শনিবার, ১২:৫৮ অপরাহ্ন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ):শাহীন মোরশেদ রাজ স্মৃতি সংসদ আয়োজিত রসুলপুর (সতুরচর) ঐতিহ্যবাহী হাডুডু খেলার মেগা ফাইনাল ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে।
রসুলপুর হাফেজ খোরশেদ আলম শাহী ঈদগাহ মাঠে আয়োজিত এই শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকে। পরবর্তীতে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে পদ্মা টাইগার্স দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। রসুলপুর টাইগার্সকে ৭-০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে পদ্মা টাইগার্স শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাটি দেখতে মাঠে নারী-পুরুষসহ হাজারো ক্রীড়াপ্রেমীর সমাগম ঘটে। সুশৃঙ্খল ও চমৎকার একটি আয়োজন উপহার দেওয়ায় দর্শক ও অতিথিবৃন্দ আয়োজক কমিটিসহ অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল। খেলাটির উদ্বোধন করেন বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছউদ্দিন বেপারী।
সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক) অহিদুল ইসলাম অহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, কবির হোসেন, মনোয়ার মোর্শেদ মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগী সাধারণ জনগণ।