banglahour

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ১ আগস্ট ২০২৬, শনিবার, ৯:৪৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী পারকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৩৯টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তি হলেন উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহাম্মদ আলী বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (৩৪)।


চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পারকৃষ্ণপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। এ সময় সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে করে যাওয়া এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।


তল্লাশিকালে তার দেহ থেকে বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।


এছাড়া অভিযানে পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিউল ইসলাম স্বীকার করেছেন যে, তিনি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।


বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মোটরসাইকেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।


সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার রোধে বিজিবির গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল