
(৩ মাস আগে) ২ আগস্ট ২০২৬, রবিবার, ৯:১১ অপরাহ্ন
কুমিল্লা ও ফেনীর সীমান্তবর্তী এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২ আগস্ট) সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আওতাধীন চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কুমিল্লার চৌয়ারা বাজার এলাকায়, যা সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত, এবং ফেনীর উত্তর বেতীয়ারা এলাকায়, যা সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে, মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়।
উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।