banglahour

খুলনা জেলা রেজিস্ট্রি অফিস পরিত্যক্ত ঘোষণা করে নতুন বহুতল ভবন নির্মাণের দাবি

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৫:৫৮ অপরাহ্ন

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের জরাজীর্ণ ভবন দ্রুত পরিত্যক্ত ঘোষণা করে সেখানে আধুনিক বহুতল ভবন নির্মাণ করা জরুরি। তিনি বলেন, গত বছরের ৮ জুলাই ভবনের ছাদ ধসে পড়ার পরও শতবর্ষের মূল্যবান দলিলপত্র এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় সংরক্ষিত রয়েছে।


সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় খুলনা জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ সদর থানা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেডিএ চেয়ারম্যান বলেন, খুলনা বিভাগের জমিজমা সংক্রান্ত সবচেয়ে পুরোনো নথিপত্র বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। জনগণের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণের স্বার্থে অবিলম্বে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তিনি রেজিস্ট্রি অফিস ও উপজেলা ভূমি অফিসে দুর্নীতির অভিযোগে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভূমিসেবা সহজ করার দাবি জানান।


সদর থানা শাখার সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জানান, ১৮৯৬ সালে খুলনা শহরের কে. ডি. ঘোষ রোডে প্রায় দুই বিঘা জমির ওপর জেলা রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠিত হয়। সে সময় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের দলিল নিবন্ধনের কার্যক্রম এখান থেকেই পরিচালিত হতো।


বক্তারা বলেন, বর্তমানে সাতক্ষীরা ও বাগেরহাটে পৃথক জেলা রেজিস্ট্রি অফিস থাকলেও খুলনার ১২৭ বছরের পুরোনো ভবনে এখনো প্রায় দুই লাখ গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষিত রয়েছে। ভবনের জীর্ণদশার কারণে এসব ঐতিহাসিক নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মানববন্ধনে সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, নাগরিক ফোরামের সদস্য সচিব ইকবাল হাসান তুহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ নাসির উদ্দীন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব এস এম সোহরাব হোসেন, নাগরিক নেতা আব্দুল হালিম, আয়নুল হক, স্বদেশ সরকার, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি নাসির উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।


বক্তারা দ্রুত জেলা রেজিস্ট্রি অফিসের জন্য নতুন বহুতল ভবন নির্মাণ এবং শতবর্ষের গুরুত্বপূর্ণ দলিলপত্র নিরাপদ সংরক্ষণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল