banglahour

নওগাঁয় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার: পুলিশ সুপারকে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানাল অসহায় পরিবারের সদস্যরা

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ৩ আগস্ট ২০২৬, সোমবার, ৯:৫৬ অপরাহ্ন

 নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় ছিনতাই হওয়া জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশা ফিরে পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতি ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে একটি অসহায় পঙ্গু পরিবার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১/১২ জুন রামকৃষ্ণ সরকার নামের এক ব্যক্তি মোবাইল ফোনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে জানান, ১০ জুন সকালে তার ছেলে রকিকে ডাবের পানির সঙ্গে বিষাক্ত কিছু খাইয়ে অচেতন করে পরিবারের একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিষয়টি জানার পর পুলিশ সুপার রামকৃষ্ণ সরকারকে নওগাঁ সদর থানায় মামলা করার পরামর্শ দেন। মামলা রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়।

পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অজ্ঞান পার্টির কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়।

আদালতের নির্দেশনার পর গত সপ্তাহে উদ্ধার হওয়া অটোরিকশাটি দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত মালিক রামকৃষ্ণ সরকারের কাছে হস্তান্তর করা হয়।

অটোরিকশা ফিরে পাওয়ার আনন্দে মঙ্গলবার রামকৃষ্ণ সরকার তার বৃদ্ধ মা, স্ত্রী, সন্তান এবং উদ্ধার হওয়া অটোরিকশাসহ নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হন। তারা পুলিশ সুপার ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

রামকৃষ্ণ সরকার দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ও চলাফেরায় অক্ষম। কয়েক বছর আগে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি ক্যাথেটার ব্যবহার করছেন এবং সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন না। তাই তিনি অটোরিকশাতেই অপেক্ষা করছিলেন। পরে পুলিশ সুপার নিজেই নিচে নেমে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শুভেচ্ছা গ্রহণ করেন।

এ সময় রামকৃষ্ণ সরকারের বৃদ্ধ মা পুলিশ সুপারের মাথায় হাত রেখে নওগাঁ জেলা পুলিশের জন্য দোয়া ও আশীর্বাদ করেন। আবেগঘন এই মুহূর্তে পুলিশ সুপার বলেন, মানুষের এমন ভালোবাসা ও আস্থা নওগাঁ জেলা পুলিশের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ জেলা পুলিশ ভবিষ্যতেও অপরাধীদের বিরুদ্ধে একইভাবে কঠোর অবস্থানে থেকে জনগণের জানমাল রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল