
(৩ ঘন্টা আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১২:৩২ পূর্বাহ্ন
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দানকারী জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলীয় ডলার (AUD 25.25 million) মানবিক সহায়তা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের (UNHCR) মাধ্যমে এ অর্থ জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে।
মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেয়িসোনি চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টমস ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী ও আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপি।
এই সহায়তা মিয়ানমার ও বাংলাদেশে চলমান মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার নতুন তিন বছর মেয়াদি ৩৭ কোটি অস্ট্রেলীয় ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া ১২৬ কোটিরও বেশি অস্ট্রেলীয় ডলার মানবিক সহায়তা দিয়েছে।
চুক্তি স্বাক্ষরের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন সহকারী মন্ত্রী জুলিয়ান হিল। বৈঠকে তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অর্থনীতি ও বহুসাংস্কৃতিক সমাজে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ায় নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেন। দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ একাডেমিক কর্মসূচি ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জোরদারের বিষয়েও আলোচনা হয়।
এর আগে সহকারী মন্ত্রী জুলিয়ান হিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে নিয়মিত ও অনিয়মিত অভিবাসন, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, জ্বালানি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার আরও সুযোগ সৃষ্টির আহ্বান জানান।
দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে অবস্থানরত জুলিয়ান হিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শিক্ষামন্ত্রী এ.এন.এম. এহসানুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা মাহদি আমিনের সঙ্গেও বৈঠক করেছেন।