
(৩ মাস আগে) ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৩:১৫ অপরাহ্ন
নওগাঁ-আত্রাই-রাণীনগর-নাটোর আঞ্চলিক সড়কে পরিচালিত রাত্রীকালীন নিরাপত্তা টহল কার্যক্রম পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আত্রাই ও রানীনগর থানা এলাকার সড়কে পরিচালিত মোবাইল পেট্রোলিং কার্যক্রম এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর সতর্ক নজরদারি, নিয়মিত টহল জোরদার এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় তিনি মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গেও কথা বলেন এবং তাদের নিরাপদে চলাচল ও আইন মেনে গাড়ি চালানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেন।
এছাড়া পুলিশ সুপার আত্রাই ও রানীনগর এলাকায় নির্মাণাধীন পুলিশ বক্স পরিদর্শন করেন। তিনি পুলিশ বক্সের সার্বিক অগ্রগতি ও কার্যক্রম পর্যালোচনা করে সেবার মান আরও উন্নত করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের রাত্রীকালীন টহল ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।