
(৩ সপ্তাহ আগে) ৫ আগস্ট ২০২৬, বুধবার, ৭:১৩ অপরাহ্ন
পারভেজ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য জনাব মো. ফজলে হুদা বাবুল ।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য মাইলফলক; যা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রিদোয়ান শরীফ রিয়াদের পক্ষে তার মামা মো. সারোয়ার আজমের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে ১১ জন জুলাই যোদ্ধাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু ও সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।