
(৩ মাস আগে) ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৭ অপরাহ্ন
দেশব্যাপী গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেয়া হয়। এ সময় ১১ দলীয় ঐক্যের জামায়াতের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন,বর্তমানে দেশব্যাপী তীব্র গ্যাস সংকটের কারণে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, কৃষি, পরিবহন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আবাসিক এলাকায় দীর্ঘ সময় গ্যাস না থাকায় পরিবারগুলো চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
একই সঙ্গে ভয়াবহ লোডশেডিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, উৎপাদন, ক্ষুদ্র ব্যবসা এবং জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। বিদ্যুতের মূল্য একাধিকবার বৃদ্ধি করা হলেও জনগণ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এর ওপর অসংখ্য গ্রাহকের নিকট প্রকৃত ব্যবহার অপেক্ষা অতিরিক্ত ও তথাকথিত 'ভুতুড়ে বিদ্যুৎ বিল' আদায়ের অভিযোগ জনমনে চরম অসন্তোষ সৃষ্টি করেছে। অন্যদিকে, চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ, সবজি, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্নবিত্ত, শ্রমজীবী, কৃষক ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে। বাজারে কার্যকর তদারকির অভাব, অসাধু সিন্ডিকেট ও মজুতদারির অভিযোগ জনভোগান্তিকে আরও বাড়িয়ে তুলেছে।
রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো নাগরিকের জানমাল রক্ষা, নিত্যপ্রয়োজনীয় সেবা নিশ্চিত কর মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক রাখা। তাই বর্তমান সংকট নিরসনে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান গ্রহণ করা সময়ের দাবী।
আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য আলমগীর হোসেন খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সাবেক জেলা আমীর আনোয়ারুল হক মালিক, আইন বিষযক সম্পাদক দারুস সালাম, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপিতে ৮ দফা দাবি পেশ করা হয়। দাবি গুলো হলো, দেশব্যাপী গ্যাস সংকট নিরসনে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, ভয়াবহ লোডশেডিং বন্ধ করে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করে জনগণের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ, ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বাজার তদারকি জোরদার, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে প্রয়োজনীয় অর্থনৈতিক পদক্ষেপ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা পালন।
জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক, আইন বিষযক সম্পাদক দারুস সালাম, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাড. হাসিবুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আলমগীর হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।