
(১ দিন আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৪:৩৩ অপরাহ্ন
পারভেজ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৯ আগস্ট) স্থানীয় আদিবাসী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও সম্প্রদায়ের প্রতিনিধিরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা ও বরণ করে নেন।
আলোচনা সভায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা বিস্তার এবং জীবনযাত্রার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি তাদের অধিকার ও কল্যাণে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালি ও আলোচনা সভা প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।