banglahour

মেগা প্রকল্প নয়, ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে তৃণমূল ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন হবে: প্রিন্স

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৬:০০ অপরাহ্ন

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মতো কথায় কথায় মেগা প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থ অপচয়ের সংস্কৃতি থেকে সরে এসেছে বর্তমান সরকার। ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নই সরকারের লক্ষ্য।


রোববার (৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “আমরা মেগা প্রকল্প করতে চাই না। আমরা এমন ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন করতে চাই, যার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। তৃণমূল জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত হবে।”


তিনি আরও বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন। এ খাতে বরাদ্দ ১০০ কোটি টাকার তহবিল বাড়িয়ে ২০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা তাদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান সুবাস চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান, সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বিপুল হাজং, মহিলা বিষয়ক সম্পাদক শুভ্রা পানথ্রসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার, শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল