
(২ ঘন্টা আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৬:১৮ অপরাহ্ন
কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে আজকের এই দিনে মৃত্যুবরন করেন। এই দিনটিতে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন দেশের প্রখ্যাত সব শিল্পীরা। তাদের একজন কুমার বিশ্বজিৎ। জনপ্রিয় এ গায়কের প্লেব্যাকে যাত্রা শুরু হয় আলাউদ্দীন আলীর হাত ধরে। প্রথমবার সিনেমার গান গাইতে গিয়ে তার চড় হজম করতে হয়েছিল কুমার বিশ্বজিৎকে।
নিজের ভেরিফায়েড ফেসবুকে কুমার বিশ্বজিৎ জানান ঘটনাটি। আলাউদ্দিণ আলীর সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে ঘটনা বর্ণনা করেন গায়ক। তিনি লেখেন, কিছু স্মৃতি জীবনে অম্লান হয়ে রয়। সালটা ১৯৮২! জীবনের প্রথম সিনেমার গান গাই 'ইন্সপেক্টর' সিনেমায়। গানটির সুর করেছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক 'আলাউদ্দীন আলী'। শ্রুতি স্টুডিওতে মহরত অনুষ্ঠানে সঙ্গীত ভূবনের সব রথী-মহারথীদের দেখে ভয়ে স্টুডিও থেকে বের হয়ে যাই। আলাউদ্দীন আলী ভাই পেছন পেছন এসে জিজ্ঞেস করলে আমি বলি, 'আর গান গাইবো না! চিটাগং চলে যাবো'! আলাউদ্দীন আলী ভাই সাথে সাথে আমার গালে একটা চড় বসিয়ে দেন! চড় দিয়ে বলেছিলেন, 'যখন মাইক্রোফোনের সামনে দাঁড়াবে, তখন ভাববে তুমিই সেরা। আর যদি চিটাগং চলে যাও, তাহলে তুমি শেষ'। ওনার মতো একজন সঙ্গীতের মহাজনের আশীর্বাদের ছোয়া পাওয়া যে কারো জন্যই বড় প্রাপ্তি!
তবে এটা শাশ্বত সত্য, ঐ দিন সন্তান তুল্য স্নেহ দানকারী আলাউদ্দিন আলী ভাই সে চড় এবং উৎসাহ না দিলে ঢাকায় থাকার সাহসটা পেতাম না। জীবনের প্রতিটি ধাপে আপনাকে মিস করি আলী ভাই। জানি এখনো আপনার আশীর্বাদ আমার মাথার ওপর আছে, থাকবে আমৃত্যু।
২০২০ সালের আজকের এই দিনে জীবনের সব হিসাব চুকিয়ে দেন আলাউদ্দিন আলী। সেদিন বিকেল ৫টায় মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।