banglahour

দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশ-যুক্তরাজ্যের যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ ঘন্টা আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৯:২৫ অপরাহ্ন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শোষণ, অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ আগ্রহী। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ তৈরি, নিরাপদ কর্মসংস্থান এবং অভিবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।


রোববার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।


মন্ত্রী যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের জনশক্তি তৈরিতে ইংরেজি ভাষা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং ‘গ্রিন স্কিল’ ও ‘ডিজিটাল স্কিল’ উন্নয়নে ব্রিটিশ সহায়তার গুরুত্ব তুলে ধরেন।


বৈঠকে ‘রাইজ’ (RAISE) প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়। এছাড়া অভিবাসন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম তদারকিতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।


প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ইউরোপের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সংযোগ স্থাপন করা যেতে পারে।


ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি নিরাপদ, নিয়মিত ও সাশ্রয়ী ব্যয়ে শ্রম অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।


অনিয়মিত অভিবাসন প্রসঙ্গে তিনি জানান, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে। বর্তমানে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। যাদের আবেদন নামঞ্জুর হচ্ছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে স্বেচ্ছায় দেশে ফিরলে পুনর্বাসনের জন্য ৩ হাজার পাউন্ড আর্থিক সহায়তা দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল