banglahour

এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ দিন আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৭:৫৭ অপরাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন।


সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এসডিজি অর্জনের লক্ষ্যে সরকারের পরিকল্পনা, নীতি ও কর্মসূচিকে আরও কার্যকর ও সমন্বিত করতে দীর্ঘমেয়াদি কৌশলগত কাঠামো প্রণয়ন করা হচ্ছে। এর মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হবে।


এ সময় দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রাম-এর আওতায় তিনটি গ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির জন্য নির্বাচিত গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।


সংশ্লিষ্টরা জানান, এসব গ্রামে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, স্যানিটেশন, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকাতেও এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।


সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বেসরকারি সংগঠন এবং নীতি-নির্ধারক পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল