banglahour

ধামরাইয়ে আদালতের নির্দেশ অমান্য করে ভাঙচুর

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(১ দিন আগে) ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১২:৪০ অপরাহ্ন

 

ঢাকার ধামরাইয়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে আদালতের স্থগিতাদেশ (স্থিতাবস্থা) অমান্য করে এক বৃদ্ধের বসতঘর ভাঙচুর, ফসল বিনষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে তার নিজ ভাতিজাদের বিরুদ্ধে। উপজেলার কুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনায় সোমবার (১০ আগস্ট) ধামরাই থানায় চারজনকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী হরিপদ সরকার (৬৫)।

অভিযুক্তরা হলেন—আশানন্দ সরকার, কালা চাঁদ সরকার সুশীল, দুর্লভ সরকার এবং যুগল সরকার।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক ২৪০ শতাংশ জমির মালিকানা নিয়ে হরিপদ সরকারের সঙ্গে তার ভাতিজাদের দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলছে। বিষয়টি নিয়ে ঢাকার ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মামলা বিচারাধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্প্রতি আদালত ওই বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষকে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ দেয়।

ভুক্তভোগীর অভিযোগ, আদালতের নির্দেশ তোয়াক্কা না করে গত রবিবার (৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে থাকা তার একটি টিনের ঘর ভাঙচুর করে এবং ঘরে রাখা প্রায় ২৫ মণ ধান বিনষ্ট করে। এতে প্রায় ৭৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। ভাঙচুরের শব্দ পেয়ে বাধা দিতে গেলে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। প্রাণভয়ে সরে গিয়ে তারা আত্মরক্ষা করলেও অভিযুক্তরা ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাজিব দত্ত জানান, ভুক্তভোগীর আবেদনটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৫৩১) হিসেবে নথিবদ্ধ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল