banglahour

রাঙ্গামাটিতে সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ আটক-২

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ দিন আগে) ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:০৫ অপরাহ্ন


রাঙ্গামাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন, ডিবিসি টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি ও রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমন।


মঙ্গলবার (১১ আগষ্ট) বেলা ২টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবির সাদা পোশাকধারী একদল সদস্য তাদেরকে আটক করে নিয়ে যান বলে জানা গেছে।


জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমনের বিরুদ্ধে ডিএমপি ইউনিট শাখায় আইসিটি আইনে একটি সাইবার অপরাধের অভিযোগ দেন। এতে রাঙামাটি গিয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সুমনকে আটকের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকেও আটক করে নিয়ে যাওয়া হয়।


সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাঙ্গামাটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে চার ব্যক্তি সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে ঘিরে ধরেছেন। সড়কের এক পাশে একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। গাড়িটি চালু ছিল এবং নির্দেশক বাতি জ্বলছিল। কথা বলার এক পর্যায়ে সৈকত রঞ্জন চৌধুরীকে ওই গাড়িতে তুলে নেওয়া হয়। পরে গাড়িটি স্টেডিয়ামের দিকে চলে যেতে দেখা যায়।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের কয়েকজন তার অফিসে গিয়ে সাক্ষাৎ করলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, ডিএমপিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সায়রা চন্দ্রা চাকমার আইসিটি আইনে দেওয়া একটি অভিযোগের কথা জানানো হয়েছে। এতে জেলা ছাত্রদলের আলী আকবর সুমনকে অভিযুক্ত করা হলেও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে কেন নেওয়া হয়েছে, তা জানা নেই। ডিএমপির ডিবি পুলিশ শাখা থেকে তাদের দুজনকে আটক করে ঢাকায় নিয়ে গেছে বলে জানান পুলিশ সুপার।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল